নরসিংদী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক প্রীতিরঞ্জন সাহাকে (৭৩) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শেষে তিনি বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে সকালে রায়পুরা থানা পুলিশ তার বাড়িতে পরিদর্শন করেন।
জানা গেছে, রাত দেড়টার দিকে রায়পুরার আমিরগঞ্জ স্টেশন থেকে নিজ বাড়ি রহিমাবাদ যাওয়ার পথে এ সন্ত্রাসী হামলার শিকার হন প্রীতিরঞ্জন। বাড়ির অদূরে আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে চলে যায়। পরে গোংরানীর শব্দ শুনে এক পথচারী বাড়িতে খরব দিলে স্বজনেরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।
প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শনিবার সকালে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আরও পড়ুন: আওয়ামী লীগে চার যুগ্ম সম্পাদক নির্বাচিত
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, ভিকটিমের মাথায় ধারালো অস্ত্রের কোপে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেফাতর করে বিচারের মুখোমুখী করার দাবি জানিয়েছেন।
ইত্তেফাক/এসি