শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে গত ৭২ ঘণ্টায় এক অন্তঃসত্ত্বাসহ ১১ জন দগ্ধ হয়েছেন। এরমধ্যে ১ জন মারা গেছেন। মুমূর্ষু অপর ২ জনকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছে রংপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন, প্লাস্টিক সার্জারি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সোহানুর রহমান শুভ জানান, শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধদের মধ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির সাদেকুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৬০) মারা গেছেন শুক্রবার রাত সাড়ে ৯ টায়। এছাড়া আরও ১০ জন ভর্তি আছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরা হলেন নীলফামারীর আরিফা (৭) লালমনিরহাটের পাটগ্রামের রসুলপুরের জয়নব বেওয়া (৬৫)।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. এমএ হামিদ জানান, শীত নিবারণের জন্য আগুনের তাপ নিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এ পর্যন্ত ৮ জন নারী রমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা খারাপ। তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সারিয়াকান্দিতে মাওলানার বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া আরও ৫-৭ দিন অব্যাহত থাকবে।
ইত্তেফাক/নূহু