রংপুরের মিঠাপুকুরে পুলিশের আহ্বানে সারা দিয়ে ভয়াবহ মাদকের অন্ধকার থেকে আলোর পথে এসেছে ১৫২ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবী।
জেলার মিঠাপুকুরের বড় হযরতপুর ইউনিয়নের ১১৭ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করে। গতকাল শনিবার রাতে রংপুর মিঠাপুকুর থানা আয়োজিত এক অনুষ্ঠানে তারা আত্মসমপর্ণ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার করে। এর আগে মাদক ব্যবসায়ীদের আত্মসমপর্ণের আহ্বান জানান রংপুর জেলা পুলিশ। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মহেশপুরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ
অঙ্গিকারাবদ্ধ মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাদের ফূল দিয়ে বরণ করেন। এসময় মাদক ব্যবসায়ীরা নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন এবং সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন।
তারা বলেন, আমরা জীবনে যে ভুল করেছি এই ভুল যেন আর কেউ করে না।তারা অন্যান্য মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ করে সুস্থ জীবনে ফিরে আসার আহ্বান জানান।
মিঠাপুকুর উপজেলার নানকর দ্বীমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আরমান হোসেন, মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ জাফর আলী বিশ্বাস, স্থানীয় ইউপি চেয়ারম্যান রুস্তম আলী মণ্ডল প্রমুখ।
অনুষ্ঠানে বিজয় দিবসের উপর প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তর দেয়ায় নানকর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আছমা খাতুনকে পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা জানান ও নগদ অর্থ প্রদান করেন।পরে জেলা পুলিশের পক্ষ থেকে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইত্তেফাক/এমআরএম