ফুলবাড়ীয়ায় বিদ্যুতায়িত হচ্ছে বনের বানর

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে বিশেষ করে বনবিট অফিসে পল্লী বিদ্যুৎ সংযোগ দেয়ার পর থেকে বিদ্যুতায়িত হচ্ছে বনের বানর। বিদ্যুৎ সংযোগের ৭ দিনেই ৫/৬ টি বানর আহত হয়েছে। এ বনে প্রায় সাড়ে ৩ শতাধিক বানর রয়েছে।

ফুলবাড়ীয়া পল্লীবিদ্যুৎ অফিস সূত্র জানায়,  গত ১৫ ডিসেম্বর সন্তোষপুর বনাঞ্চলের আশেপাশেসহ বনবিটে পল্লীবিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। সংযোগের আগে কভার ছাড়া তার দেওয়া হয়। সংযোগ চালু করার ৭ দিনের মাথায় বিদ্যুতের তারে জড়িয়ে বানরগুলো আহত হচ্ছে। এমন অভিযোগ বনবিভাগ লিখিতভাবে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবু হানিফা জানান, যে সকল স্থান দিয়ে বানরগুলো আসা যাওয়া করে বিশেষ করে বনের জায়গায় বানরগুলো বিদ্যুতের খুঁটি বেয়ে উঠে তারে ঝুলে খেলা করার সময় বিদ্যুতায়িত হচ্ছে। বানর সংবদ্ধ প্রাণী হওয়ায় এক বানর আহত হলে অন্যরা সেখানে হুমড়ি খেয়ে পড়ে। বিদ্যুৎ সংযোগ দেয়ার ৭ দিনের  মধ্যে ৫/৬টি বানর আহত হয়েছে।   

আরও পড়ুন: রংপুরে অন্ধকার থেকে আলোর পথে ১৫২ মাদক ব্যবসায়ী- সেবনকারী

সন্তোষপুর বনবিট কর্মকর্তা আশরাফুল আলম জানান, বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করার পর বানরগুলো বিদ্যুতায়িত হয়ে আহত হচ্ছে। আমরা ইতিমধ্যে বন এলাকায় বিশেষ করে যে স্থানে বানরগুলোর বিচরণ ক্ষেত্র সেসব স্থানে কভার তার লাগানোর জন্য পল্লীবিদ্যুৎ অফিসে আবেদন করেছি। অতি দ্রুত কভার তার দেয়া জরুরি হয়ে পড়েছে।

ফুলবাড়ীয়া পল্লীবিদ্যুতের ডিজিএম অণিকা বর্মন বলেন, লাইনটি ডিজাইন করার সময় বনবিভাগ  আমাদেরকে বললে ওই সময়ই আমরা কভার তার দিয়ে দিতে পারতাম। আমাদের কনসালটেন্টরা সন্তোষপুর বনে যাবে রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমআরএম