রোমে মহান বিজয় দিবস উদযাপন

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় ৪৮তম মহান বিজয় দিবস উদযাপন করেছে রোমের বাংলাদেশ দূতাবাস। দুইদিনব্যাপী বৈচিত্র্যপূর্ণ আয়োজন করে দূতাবাসটি। 
 
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার জাতীয় পতাকা উত্তোলন করেন। রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। 
 
এ সময় তিনি বলেন,স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতির অর্জনকে অর্থবহ করার জন্য অর্থনৈতিক মুক্তি অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
 
প্রথম দিনের কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল শিশুদের জন্য চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’। প্রবাসী বাংলাদেশি শিশুরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
 
১৭ ডিসেম্বর, আয়োজনের দ্বিতীয় দিনে বিজয় দিবসের তাৎপর্যের ওপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত দেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন।
 
একইসঙ্গে বাংলাদেশ মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ হিসাবে জাতিসংঘের স্বীকৃতি লাভে উপস্থিত সকলকে অভিনন্দন জানান তিনি। বর্তমান সরকারের অর্থ, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং অন্যান্য সামাজিক উন্নয়ন সূচকে উন্নতির জন্য বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ করেন।
 
আরও পড়ুন: ‘নির্বাচনে পার্বত্য এলাকার কেন্দ্রগুলোতে সেনাবাহিনী থাকবে’
 
 
চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে রোম প্রবাসী খ্যাতনামা শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
 
ইত্তেফাক/এমআই