কুষ্টিয়ার মিরপুরে দুই দিনে ট্রেনে কেটে ২ জনের মৃত্যু হয়েছে। এ দুজন হলেন আনোয়ার বেগম (৬৫) এবং হামিম অর্ক (২১)। আনোয়ার বেগম একজন নারী ভিক্ষুক। তিনি দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত তোফা মিয়ার স্ত্রী। অর্ক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুর মাদ্রাসাপাড়ার মোস্তাফিজুর রহমান ফন্টুর ছেলে।
জানা গেছে রবিবার বিকেলে মিরপুর রেলওয়ে স্টেশনে আনোয়ার বেগমের মৃত্যু হয়। তিনি ওই সময় লাইন পার হতে গিয়ে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা ডাউন ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
অন্যদিকে শনিবার বিকেলে পোড়াদহ রেলওয়ে জংশনে বেনাপোল এক্সপ্রেস নামক চলন্ত ট্রেন থেকে আসির হামিম অর্ক লাফ দিয়ে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সহায়তায় কাঠমাণ্ডুতে পরিষ্কার অভিযানে বাংলাদেশ
অর্ক নানার বাড়ি মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহের অদুদ মোল্লার বাড়িতে যাচ্ছিলেন। ট্রেনটি স্টেশনে না থামায় তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়েন। এ সময়ে মাথায় আঘাত পেয়ে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
পোড়াদহ জিআরপি থানার ওসি জসিম উদ্দিন খন্দকার উভয় ট্রেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/নূহু