শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে বড় ভাই মানিক গাজীর লাঠির আঘাতে ছোট ভাই খোকন গাজী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার সকাল ৮ টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মানিক গাজী ও তার মেয়ে সাব ইন্সপেক্টর রিমা আক্তার লিমাসহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি মানিক গাজীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শ্রীবরদী পৌর শহরের সাতানি শ্রীবরদী এলাকার বাসিন্দা মৃত আব্দুল আওয়াল গাজীর ছেলে দুই ভাই মানিক গাজী ও খোকন গাজী। তাদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। রবিবার সকাল ৮ টার দিকে খোকন গাজী স্ত্রী-পুত্র নিয়ে বাসস্ট্যান্ডের পাশের বাসা দখল করতে গেলে মানিক গাজী ও ছেলে-মেয়েরা তাদের ওপর হামলা করে। এ সময় ইটপাটকেল আর লাঠির আঘাতে গুরুতর আহত হন খোকন গাজীর ছেলে সাগর গাজী, স্ত্রী শামছুন নাহার ও মেয়ে কান বেগম। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পরে আশপাশের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে খোকন গাজী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুৃন: আরও দুটি সরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন
এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে মানিক গাজী, তার ছেলে সাদ্দাম গাজী, জামাতা সাকিব হোসাইন ও তার বাবা আলেকজান্ডারকে গ্রেফতার করে। নিহতের ছেলে সোহাগ গাজী বাদী হয়ে মানিক গাজী ও তার মেয়ে সাব ইন্সপেক্টর রিমা আক্তার লিমাসহ ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএএম