একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও সংঘাত সৃষ্টির চেষ্টার অভিযোগে রাজশাহীর বাগমারা থানার পুলিশ জেএমবি সদস্য ও জামায়াত নেতাসহ তিনজনকে গ্রেফতার করছে।
গ্রেফতারকৃতরা হলেন- জেএমবি’র তালিকাভুক্ত সদস্য কয়রা সরকারপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্র খোরশেদ আলম সরকার (৩৫), শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বানাইপুর তেগাছি গ্রামের মৃত ইলিয়াস শেখের পুত্র আব্দুল জব্বার (৪৮) ও ভবানীগঞ্জ বাজারের বিশিষ্ট সার ব্যবসায়ী হাফিজুর রহমান ওরফে সার হাফিজ (৪৮)।
বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, মঙ্গলবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও সংঘাত তৈরির চেষ্টার অভিযোগ ছাড়াও বিগত সময়ে বাগমারায় বাংলা ভাইয়ের অভিযানের জঙ্গি মদদদাতা ও জঙ্গি অর্থায়নের অভিযোগ রয়েছে। এই অভিযোগে গত ১৫ নভেম্বর পুলিশ দেউলা গ্রাম থেকে উপজেলা জামায়াতের আমির সিরাজুল ইসলাম ও শ্রীপুর ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেনকে গ্রেফতার করে। ওই দিনই বাগমারা থানার উপপরিদর্শক মাহাবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০/৪৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অজ্ঞাত আসামি হিসাবে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফাতরকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: ভারতে মুখ্যমন্ত্রীকে ‘মোদির পুতুল’ বলায় সাংবাদিকের জেল
ইত্তেফাক/এমআই