ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হকসহ ছাত্র অধিকারের নেতাদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে আয়োজিত কর্মসূচিতে হামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। ব্যানার ও মাইক কেড়ে নিয়ে হুমকি দেওয়াসহ সমাবেশ করতে বাঁধা দেওয়া হয়।
সোমবার বেলা বারোটার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে ছাত্র অধিকার পরিষদের প্রতিবাদ সমাবেশে এ হামলার ঘটনা ঘটে। এর আগে ভিপি নুরুল হকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মিছিল শেষে বিক্ষোভকারীরা প্রেসক্লাবের সামনে দাঁড়ালে রংপুর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা ব্যানার ও মাইক কেড়ে নিয়ে সমাবেশে বাধা দেয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত পীরগঞ্জের হারুন বাঁচতে চায়
বিক্ষোভকারীদের দাবি, মুক্তিযুদ্ধ মঞ্চের রংপুর বিভাগীয় সমন্বয়ক আল-আমীনের নেতৃত্বে তিন চারজন তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।ভিপি নুর, ছাত্র অধিকারের নেতা-কর্মী এবং প্রতিবাদ কর্মসূচির ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ইত্তেফাক/নূহু