রাজৈরে মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

মাদারীপুরের রাজৈর উপজেলায় থ্রি হুইলার চালিত মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার টেকেরহাট-কদমবাড়ি ফিডার সড়কের কইডাবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে অনুপম বিশ্বাস (৩২) এবং নটাখোলা গ্রামের নরেশ মজুমদারের ছেলে বিশ্বজিত মজুমদার (৩৫)। গুরুতর আহতরা হলেন, বিশ্বজিত মজুমদারের মেয়ে দোলা মজুমদার (৫) এবং চয়ন মজুমদার (৯)। আহতদের রাজৈর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: জার্মান আওয়ামী লীগের মহান বিজয় দিবস উদযাপন

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে কদমবাড়ীগামী যাত্রীবাহী মাহিন্দ্র কইডাবাড়ী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অনুপম বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত বিশ্বজিত মজুমদারকে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত দোলা মজুমদারকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চয়ন মজুমদার (৯) রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকী ৫ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার শওকত জাহান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএএম