কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি

৩৯ বার সময় নিয়েও প্রতিবেদন দাখিল করতে পারেননি তদন্ত কর্মকর্তা

৩৯ বার সময় নিয়েও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি তদন্ত কর্মকর্তা। আবারও সময় চাওয়ায় আদালত তা মঞ্জুর করেছে। সিআইডির তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম গতকাল সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য করেন তিনি।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে (ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে এ অর্থ চুরি করা হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত আসে। তবে ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার জুয়ার টেবিল ঘুরে হাতবদল হয়। এই অর্থ চুরিতে দেশের ভেতরের কোনো একটি চক্রের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হয়। খোয়া যাওয়া ঐ অর্থ উদ্ধারে বাংলাদেশের পক্ষে তত্পরতা চালানো হলেও এখনো তেমন কোনো অগ্রগতি নেই। সাইবার জালিয়াতির মাধ্যমে রিজার্ভের এ অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্মপরিচালক জুবায়ের বিন হুদা বাদী হয়ে ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৪ ও ৩৭৯ ধারায় মামলা দায়ের করেন। এ মামলায় দফায় দফায় সময় নিয়েও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি তদন্ত কর্মকর্তা।