ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

সদর উপজেলার ইসাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ভুট্টো মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরো অন্তত ৭জন। তাদের সকলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে এই ঘটনা ঘটে। ভুট্টো মোল্লা (৪৫) ওই গ্রামের আহজার মোল্লার ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামে ওহাব ফকির ও সোহরাব মেম্বার গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে ওহাব ফকিরের সমর্থক ভুট্টোসহ অন্যান্যরা বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সোহরাব মেম্বারের লোকজন তাদের উপর হামলা করে এবং কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভুট্টো মোল্ল্যাকে মৃত বলে ঘোষণা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াৎ মোস্তফা জানিয়েছেন, হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে ভুট্টোর। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/আরকেজি