মির্জাপুরে ১০ মাসের শিশুকে বাঁচাতে অসহায় বাবা-মায়ের আবেদন

জটিল রোগে আক্রান্ত ১০ মাসের শিশু আবু ফরহাদকে বাঁচাতে অসহায় ও দরিদ্র বাবা-মা প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ দেশ-বিদেশের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। শিশুপুত্র আবু ফরহাদের পিতার নাম মো. ইদ্রিস আলী ও মাতার নাম রিমা আক্তার। গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুদিরপাড়া গ্রামে।

ইদ্রিস আলী ও রিমা আক্তার জানান, জন্মের পর থেকে তার শিশুপুত্র অজানা ও জটিল রোগে আক্রান্ত। বর্তমানের তার বয়স ১০ মাস। অভাবের সংসারে শিশুপুত্রকে নিয়ে কি করবে তা স্থির করতে পারেনি। কুমুদিনী হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে নিরূপায় হয়ে শিশু সন্তান ফরহাদকে নিয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করান।

পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকগণ জানান তার পিত্তথলির ভিতরে রসনালী ব্লক (বন্ধ) হয়ে গেছে। তাকে বাঁচাতে হলে জরুরি অপারেশন করতে হবে। বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে ১৬ লাখ টাকা ব্যয় করে অপারেশন করা হয়। অপারেশনের পর বাড়ি এলে শিশুপুত্র ফরহাদ আরও অসুস্থ হয়ে পড়ে। শিশু সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েন অসহায় ও নিঃস্ব এই পরিবার। নিজের সামান্য জমি বিক্রির টাকা ও অন্যের কাছ থেকে ধার-দেনা করে ছেলেকে নিয়ে ভারতের সিএমসি মেডিকেল কলেজ হাসপাতাল (ভ্যেলুর) চলে যান।

ইদ্রিস আলী ও তার স্ত্রী রিমা আক্তার জানান, সেখানকার চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন শিশুপুত্র ফরহাদের ভুল অপারেশন হয়েছে এবং শরীরে জন্ডিস রয়েছে। তাকে এখন বাঁচাতে হলে দ্রুত লিভার প্রতিস্থাপন করতে হবে। এতে ব্যায় হবে প্রায় ২০ লাখ টাকা। টাকার কথা শুনে হতভম্ব হয়ে পরে তারা। বিপুল অংকের টাকার যোগার করতে না পেরে শিশুপুত্রকে নিয়ে আবার দেশে ফিরে আসেন। 

১০ মাসের শিশুপুত্রকে বাঁচাতে সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় এ বাবা-মা। শিশু সন্তানকে বাঁচাতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ দেশ বিদেশের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা- ইদ্রিস আলী, সঞ্চয়ী হিসাব নং-০২-০০০০-৮৮-২০৫৮৩, অগ্রণী ব্যাংক, মির্জাপুর শাখা, টাঙ্গাইল। মোবাইল-০১৭১৬-৬২৮৬৭৪ ।

ইত্তেফাক/নূহু