এমপিওভুক্তদের ৫% দিয়ে ৪% কর্তন!

যখন প্রতীক্ষিত বার্ষিক ৫% প্রবৃদ্ধি বাস্তবায়নে এমপিওভুক্তগণ কৃতজ্ঞ, তখন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক ০৩, ১৭.১২.২০১৮খ্রি.-র নং ৭.০০.০০০০.০৭৪. ০০২.২০১৬.৫১৫, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের বর্ধিত চাঁদার হার বাস্তবায়নসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হলো। এতে অবসর সুবিধার ৪% থেকে ৬%, কল্যাণের ২% থেকে ৪% উন্নীতকরণসংক্রান্ত ১৯.০৪.১৭-র এসআরও ১ জানুয়ারি ২০১৯ থেকে বাস্তবায়নের কথা বলা হয়েছে। যাদের ‘নুন আনতে পান্তা ফুরায়’ তাদের নানান হাহাকারের মধ্যে এমন খবর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ তুল্য! এমপিওভুক্তগণ পূর্ণাঙ্গ মেডিক্যাল ও উত্সব ভাতা পান না। তাঁরা পদোন্নতি, স্বেচ্ছা অবসর, বদলি সুবিধা ও গৃহঋণসহ অসংখ্য বঞ্চনার শিকার। তাঁরা সবাই ১০০০ টাকা বাড়িভাড়া, চিকিত্সাভাতা ৫০০ টাকা পান, যা নিতান্তই অপ্রতুল। তাদের পক্ষে বাজার মূল্যের সঙ্গে তাল সামলানো কঠিন। এমপিওভুক্তদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ১৯.৪.১৭-এর এসআরও অনুযায়ী মূল বেতন থেকে বর্ধিত ৪% কর্তনসংক্রান্ত নির্দেশনা স্থগিত ছিল। নতুন জারি করা নির্দেশনার ফলে আমরা এমপিওভুক্তগণ দারুণ ক্ষতিগ্রস্ত  হব। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আলী এরশাদ হোসেন আজাদ

সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর