শেরপুর-৩: চাচার সঙ্গে ভোটের লড়াই করবেন ভাতিজা

জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী নিয়ে গঠিত শেরপুর-৩ আসন। এ আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী বর্তমান সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন। তার ভাতিজা (আপন) ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অর্থাৎ চাচার সঙ্গে ভোটের লড়াই করবেন ভাতিজা।

জানা গেছে, মনোনয়নপত্র দাখিল ও প্রতীক বরাদ্দ পাওয়ার পর আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীকে সমান তালে গণসংযোগে ব্যস্ত সময় পার করার বিষয়টি লক্ষ্য করা গেলেও বর্তমানে প্রচার-প্রচারণায় বিএনপি প্রার্থীকে মাঠে তেমন একটা লক্ষ্য করা যাচ্ছেনা। প্রচার-প্রচারণায় তারা গ্রহণ করেছে ভিন্ন কৌশল। সভা-সমাবেশ না করে বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীরা ভোট প্রার্থনা করছেন। বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ প্রার্থী ও প্রশাসনসহ দলীয় নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গণসংযোগ চালাতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

রুবেল বলেন, যেকোন মূহুর্তে আমি নিজেও খুন, গুম হওয়ার আশংকায় রয়েছি। নেতাকর্মীদের ভয়ভীতিসহ তাদের নামে দেওয়া হচ্ছে মিথ্যা মামলা।

আরো পড়ুন: কুষ্টিয়া-১ আসনের বিএনপি প্রার্থীকে কারাগারে প্রেরণ

এদিকে আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনও সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেছেন। ধানের শীষ প্রার্থী মাহমুদুল হক রুবেল ও বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তার নির্বাচনী প্রচারণা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। যেকোনো মূহুর্তে তার ওপর আক্রমণ হতে পারে এমন আশংকাও তিনি উড়িয়ে দেননি।

ইত্তেফাক/বিএএফ