গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে দিনাজপুরের ৬টি আসনের সড়কে, পাড়া-মহল্লার অলিগলিতে সাঁটানো প্রার্থীদের নির্বাচনী পোস্টার। দ্বিগুণ খরচের মুখে পড়েছেন প্রার্থীরা। পাশাপাশি নির্বাচনী প্রচারণায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গেই প্রচারণায় নেমেছে প্রার্থীরা। দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে সাঁটানো হয়েছে প্রার্থীদের নির্বাচনী পোস্টার। বিভিন্ন সড়কে, পাড়া-মহল্লার অলিগলিতে সাঁটানো হয় এসব পোস্টার। সর্বত্র ছেয়ে যায় নির্বাচনী পোস্টারে।
এরই মধ্যে গত সোমবার রাত থেকে দিনাজপুরে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার দিনাজপুরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ মিলিমিটার। সোমবার রাত থেকে শুরু করে বুধবার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নষ্ট হয়ে যায় এসব নির্বাচনী পোস্টার। বৃষ্টিপাতের ফলে বিভিন্ন সড়কে, পাড়া-মহল্লার অলিগলিতে চিকন রশি দিয়ে সাটানো অসংখ্য এসব পোস্টার ছিড়ে পড়েছে। রয়েছে শুধু রশি। নির্বাচনী প্রার্থীদের কর্মীরা জানান, পোস্টারগুলো নষ্ট হয়ে যাওয়ায় আবার তাদের পোস্টার লাগাতে হবে। এতে দ্বিগুণ খরচ করতে হবে তাদের। এদিকে দুদিন দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণায় বিঘ্ন সৃষ্টি হয়। বৃষ্টিপাতের ফলে তুলনামূলক প্রচারণী তত্পরতা কম থাকলেও অনেকে ছাতা হাতে নিয়ে বেরিয়েছে প্রচার-প্রচারণায়।