১০ জনের দল নিয়েও এসি মিলানের বিপক্ষে রবিবার রাতে ২-০ গোলে জিতেছে জুভেন্তাস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পরাজয়ের পর এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলেই ঘুরে দাঁড়ালো দলটি।
সিরি ‘এ’র ম্যাচে স্বাগতিক মিলানের হয়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন। পরে অবশ্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। খেলা শেষে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, ‘দলীয় জয়ে আমি খুবই খুশি। কারণ মিলানে অ্যাওয়ে ম্যাচ খেলা খুবই কঠিন। ম্যাচের এই জয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ আগের রাতে নেপোলি জোনোয়াকে হারিয়ে দিয়েছে। যে কারণে দূরত্ব ধরে রাখাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ।’
সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচের অষ্টম মিনিটেই ক্রোয়াট তারকা মারিও মানজুকিচের গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৮১তম মিনিটে রোনালদো গোল করে দলকে পৌঁছে দেন নিরাপদ অবস্থানে। এর ফলে ছয় পয়েন্টের ব্যবধান নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে জুভরা।
দীর্ঘ টানা সাত বার সিরি ‘এ’ চ্যাম্পিয়নরা এই জয়ের মধ্য দিয়ে শিরোপা জয়ের সঠিক পথেই এগিয়ে চলেছে। মাঝপথে চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেডের কাছে পরাজয়টিই এই মৌসুমে তাদের প্রথম হার। ম্যাচের শেষ ভাগে দুই গোল হজমের মাধ্যমে নাটকীয়ভাবে পরাজিত হয় ইতালিয়ান জায়ান্টরা।
খেলা শেষে জুভেন্তাস কোচ মাসমিলিয়ানো অ্যালেগ্রি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শেষ ৫ মিনিটে যা ঘটেছিল সেটি থেকে বেরিয়ে আসায় দলকে সহায়তা করবে আজকের এই বিজয়। কোনো গোল হজম না করে লীগের এই জয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে দারুণ খেলতে থাকা ন্যাপোলির সঙ্গে ছয় পয়েন্টর ব্যবধান রেখে শীর্ষস্থান ধরে রাখা সম্ভব হয়েছে।’
এদিকে আসরের তৃতীয় এই হার এসি মিলানকে পিছিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স লীগের দৌড় থেকে। সুসালোতে ল্যাজিও স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে মিলনাকে টপকে পৌঁছে গেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। আর আটলান্টায় ৪-১ গোলে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে লুসিয়ানো স্পালেত্তির ইন্টার মিলান। এর ফলে টানা সাত ম্যাচে জয়ের ধারা থেকেও ছিটকে পড়েছে ক্লাবটি। অপরদিকে পিছিয়ে পড়ার পরও ২-১ গোলে জেনোয়াকে হারানো ন্যাপোলি উঠে গেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
বর্তমানে ১২ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট সংগ্রহ করেছে জুভেন্তাস। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাপোলি। কার্লো আনচেলত্তির ইন্টার মিলান রয়েছে ন্যাপোলির চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে থেকে আছে তৃতীয় অবস্থানে।