৩০ ডিসেম্বর আরেকটি বিজয় উত্সব পালন করা হবে -------- আবুল হাসানাত আব্দুল্লাহ

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রীর পদমর্যাদায় থাকা আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, মহান বিজয় দিবসের এ মাসে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার মাধ্যমে আরেকটি বিজয় উত্সব পালন করা হবে। 

মঙ্গলবার বিকালে গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে পারলে গৌরনদীকে জেলায় রূপান্তরিত করা হবে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা তোতা মিয়া হাওলাদার, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাজাহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আজিজ গাজীর নেতৃত্বে বিএনপি ও জাতীয় পার্টির ৩ শতাধিক নেতা-কর্মী আবুল হাসানাত আব্দুল্লাহর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।