বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিবসহ নিহত ছয়

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিবসহ ৬ জন নিহত ও পাঁচজন আহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।

গৌরীপুর (ময়মনসিংহ) :মঙ্গলবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক ইউপি সচিব নিহত হয়েছেন। তার নাম খোরশেদ আলম খান পাঠান(৫০)। তিনি উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদের সচিব হিসাবে কর্মরত ছিলেন।

ঘটনার দিন খোরশেদ আলম খান পাঠান কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া এলাকায় ট্রাক চাপায় খোরশেদ আলম গুরুতর আহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম জানান, তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে নেওয়ার পথে মারা যান।

হবিগঞ্জ: বুধবার সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর বাজারে চায়ের দোকানে পিকআপ ভ্যান ঢুকে পড়লে এর নিচে পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম শাহেদ আলী (৫০)। দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিছুর রহমান জানান, ঘটনার পর থেকে গাড়ির চালক পলাতক রয়েছে।

সাঁথিয়া (পাবনা): বুধবার দুপুরে সুজানগর উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের চিনাখড়া বিএম কলেজে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী।

মাধপুর পুলিশ ফাঁড়ির ওসি আ. খালেক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেছি।

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা): বুধবার চান্দিনায় বিদেশ থেকে আসা যাত্রী নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। নিহতরা হলেন— দুবাই প্রবাসী আব্দুল মান্নান (৪০), তার বড় ভাই আবুল কাশেম (৪২) এবং রাকিব হোসেন (২০)।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পর নিহত তিনজনের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে হয়েছে। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।