শিশু হত্যাচেষ্টার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি ও ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক সৈয়দ আবু আব্দুল্লাহ্ মুর্তুজার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (শাহ্ মখদম থানা আমলী আদালত) মাহাবুবুর রহমান দণ্ডবিধির ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় আর্জি ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।
আর্জিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর দুপুর আড়াই টায় রাজশাহী মহানগরীর শাহ্ মখদম থানার ডাঙ্গিপাড়ায় প্রতিবেশী সিরাজুল ইসলামের ৫ বছরের ভাতিজা আদনান অধ্যাপক সৈয়দ আবু আবদুল্লাহ মুর্তুজার বসত বাড়ির কলিং বেল বাজায়। এসময় মুর্তুজা বাড়ির ভেতর থেকে ক্ষিপ্ত হয়ে বাইরে বেরিয়ে আসেন এবং পূর্ব শত্রুতার জের ধরে শিশু আদনানের বাম কানের উপর সজোরে থাপ্পড় মারেন। এতে গুরুতর আহত হয়ে আদনান রাস্তায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা শিশু আদনানকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: পীরগঞ্জে আগুনে পুড়ে দুই নারীর মৃত্যু
ঘটনাটি নগরীর শাহ্ মখদুম থানায় অবহিত করলে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলার পরিবর্তে সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। শিশু আদনানের চাচা সিরাজুল ইসলাম বৃহস্পতিবার আদালতে আর্জি পেশ করলে আদালত মামলাটি গ্রহণ করে আসামিকে আগামী ২৬শে জানুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট অমরেন্দ্র নাথ মুন্না সাহাসহ ১৫ জন আইনজীবী।
ইত্তেফাক/এএএম