দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচারের অংশ হিসেবে অভিনেতা ও অভিনেত্রীসহ সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা গতকাল বুধবার চৌদ্দগ্রাম উপজেলায় নৌকার পক্ষে ভোট চেয়েছেন। উজিরপুর ইউনিয়নের চান্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পথসভায় রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপির জন্য নৌকার পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তারকারা বলেন, এদেশ এগিয়ে গেছে অনেক দূর। যার একমাত্র অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজ দেশ তলাবিহীন ঝুড়ি নয়। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তাই দেশে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চৌদ্দগ্রামে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক মুজিবকে নৌকা মার্কায় ভোট দিন।

আওয়ামী লীগ উপ-কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে নৌকা মার্কার পক্ষে ভোট চান চিত্রনায়ক শাকিল খান, চিত্রনায়ক ও মডেল সিয়াম, চিত্রনায়ক সায়মন সাদি, সংবাদ উপস্থাপিকা ইশিকা আজিজ, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, অভিনেত্রী রোকেয়া প্রাচী, চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি। এরআগে রেলপথমন্ত্রী উপজেলার উজিরপুর ইউনিয়নে চকলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,         শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।