মায়ের সামনে যুবককে নির্যাতন মাতবরের 

মায়ের সামনে হাত পা বেঁধে এক যুবককে নির্মমভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে গ্রাম্য মাতবরের বিরুদ্ধে। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের পূর্বপাড়ায়।

নির্যাতনের শিকার যুবক ওই গ্রামের রাখাল চন্দ্রের ছেলে রাজু চন্দ্র। আর অভিযুক্ত মাতব্বরের নাম আবু তাহের কন্টাক্টর। এ ঘটনায় বৃহস্পতিবার নির্যাতনের শিকার রাজুর বড় ভাই সজল চন্দ্র বিশ্বাস মুরাদনগর থানায় আবু তাহেরকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে শীতের মধ্যে রাজুর জামা কাপড় খুলে মারধর করেন আবু তাহের। এসময় যুবকের মা বাধা দেয়ার চেষ্টা করলে রাজুর হাত পা বেঁধে মারতে শুরু করেন ওই মাতবর। তাকে মাটিতে ফেলে নির্যাতন করা হয়। চিৎকার করে কান্না করলেও মেলেনি নিস্তার।

ওই যুবকের বড় ভাই সজল চন্দ্র অভিযোগ করে বলেন, ভাইয়ের ওপর এমন অমানবিক নির্যাতনের বিচার চেয়ে এলাকার গণ্যমান্যদের দ্বারে দ্বারে ঘুরে আমরা ক্লান্ত।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম জানান, নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

ইত্তেফাক/জেডএইচ