সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিতর্কিত কোন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়া হবে না। যাকে জনগণ ভালোবাসে যার জনপ্রিয়তা বেশি এবং যে প্রার্থী যোগ্য তাকেই দলীয় মনোনয়ন দেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মনখালী এলাকায় জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা বাইপাস) পিপিপি ভিত্তিতে চার লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হবে। এই দুই সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ ক্ষেত্রে সরকার এবং সরকারি দল কোন প্রকার হস্তক্ষেপ করবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। পদ্মা সেতু দেখে সারা বিশ্ব অবাক হচ্ছে। এটা শেখ হাসিনার সাহসিকতার কারণেই সম্ভব হয়েছে। বিশ্ব ব্যাংক তাদের ভুল স্বীকার করেছে।
মন্ত্রী আরো বলেন, রূপগঞ্জের মানুষ খুব ভাগ্যবান। গোটা নারায়ণগঞ্জে যা উন্নয়ন হয়নি, শুধু রূপগঞ্জে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। সরকারের মেঘা প্রকল্প ভুলতা ফ্লাইওভার, গোলাম দস্তগীর গাজী সেতুসহ বহু মেঘা প্রকল্প রূপগঞ্জে বাস্তবায়ন হয়েছে। রূপগঞ্জের রূপ বাড়াতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
ইত্তেফাক/জেডএইচ