আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী। গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন সাবেক আমলা ইনাম আহমেদ চৌধুরী। প্রাথমিক মনোনয়নের তালিকায় থাকলেও চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন তিনি।
বিএনপির গত কমিটিতে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে ছিলেন ইনাম আহমেদ চৌধুরী। নিয়মিত দলীয় কার্যক্রমে সক্রিয় না হলেও বিভিন্ন ফোরামে বিএনপির হয়ে কথা বলতেন তিনি। এর মধ্যে ২০১৩ সালে বিএনপির আন্দোলনের সময় একবার আটক করা হয়েছিল ইনামকে। অবসরে থাকা ইনাম ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এরপর ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। ইনাম গত ১৮ নভেম্বর ঢাকায় খালেদা জিয়ার জীবনীগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানেও ছিলেন। এরপর ২৯ নভেম্বর সিলেট-১ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় গিয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের জন্ম দিয়েছিলেন। সিলেট-১ আসনে বর্তমান সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিতের ভাই এ কে এ মোমেন ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন।
তার এক ভাই ইফতেখার চৌধুরী সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। আরেক ভাই প্রয়াত ফারুক আহমেদ চৌধুরী ছিলেন পররাষ্ট্র সচিব। আর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ তাদের ভগ্নিপতি।