নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রহরীর ওপর হামলা, আটক ২

নাসিরনগর উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা প্রহরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা প্রহরী ছায়েদ মোল্লাকে(৩২) জেলা সদর হাসপাতালে পাঠানো করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নার্স ও ডাক্তারকে অশালীন ভাষায় গালমন্দ করার প্রতিবাদ করায় সমির দাসের নেতৃত্বে তার সহযোগীরা মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।  

আরও পড়ুন: মায়ের সামনে কিশোরকে নির্যাতন: ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আটক

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টায় দিকে ৩ জন লোক হাসপাতাল ক্যাম্পাসে এসে একজন ডাক্তারকে খোঁজ করে না পেয়ে  নার্স ও ডাক্তারকে গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে নিরাপত্তা প্রহরী ছায়েদ মোল্লা তাদেরকে গালমন্দ না করার কথা বললে তাকে প্রথমে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে।

জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ জীবন চন্দ্র দাস বলেন,নিরাপত্তা প্রহরী ছায়েদ মোল্লার মুখের সামনের দুইটি দাতঁসহ হাতের একটি অংশ ভেঙে গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এমআরএম