ভাণ্ডারিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে উপজেলার ধাওয়া ইউনিয়নের পশ্চিম রাজপাশা গ্রামের মো. আল আমিন খান (৩০) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আ. মন্নান খানের ছেলে এবং ঢাকা জজকোর্টের এক আইনজীবীর সহকারী।
স্থানীয়সূত্রে জানা গেছে, বাড়ি ও কৃষি জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার বাদ আছর নামাজ শেষে আল আমিন খানকে একই বংশের নাছির খান, তার ছেলে জসিম খান, মাহিদুল খান, ছাইদুল খান এবং ফরহাদ খানের ছেলে ইব্রাহীম খান বাড়ি সংলগ্ন একটি খোলা জায়গায় ডেকে নিয়ে এলোপাতারি মারপিট শুরু করে। এতে গুরুতর আহত হলে তার ডাকচিৎকারে স্বজনরা এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরে খুলনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ভাণ্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি