রাজধানীতে প্রচারণায় বাম নেতারা
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীতে বিভিন্ন আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে জোটের শীর্ষ নেতারা বলেছেন, বিভিন্ন সময়ে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের মুক্তি আসেনি। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। দুর্নীতি ও লুটপাটে নিমজ্জিত দেশ। এমপিগিরি এখন ব্যবসায় পরিণত হয়েছে। এর থেকে মুক্তি পেতে মহাজোট-জোট-ফ্রন্টের বাইরে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের বিজয়ী করে ক্ষমতায় আনতে হবে। গতকাল বুধবার ঢাকায় বিভিন্ন স্থানে জোটের প্রার্থীদের পক্ষে গণসংযোগকালে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ বাম নেতারা একথা বলেন।
ঢাকা-১৫ আসনে বাম গণতান্ত্রিক জোট-এর প্রার্থী ডা. আহম্মদ সাজেদুল হক রুবেলের ‘কাস্তে’ মার্কার ও ঢাকা-৮ আসনে ‘মই’ মার্কার প্রার্থী প্রকৌশলী শম্পা বসুর সমর্থনে গণসংযোগ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। এসময় ৯৯ ভাগ মানুষের স্বার্থরক্ষায় বাম জোটের প্রার্থীদের ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। অপরদিকে ভোটের দিন নির্ভয়ে ভোট দেওয়ার ব্যবস্থার দাবি জানান বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।