১৮ মামলার আসামি বিএনপি নেতা গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

রাজধানী মিরপুরসহ বিভিন্ন থানায় রাষ্ট্রদ্রোহ, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলাসহ মোট ১৮টি মামলার পলাতক আসামি শামসুজ্জামান সেন্টুকে গ্রেফতার করেছে শাহআলী থানা পুলিশ। গতকাল বুধবার ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শামসুজ্জামান সেন্টুকে ঢাকার সিএমএম আদালতে পাঠালে, আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেন্টুর বিরুদ্ধে মিরপুর, দারুস সালাম, শাহআলী ও পল্লবী থানায় দায়ের করা বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সেন্টু গাবতলীর বাগবাড়ী এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা। শাহআলী থানার ওসি মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাইনখোলা এলাকায় অভিযান চালিয়ে সেন্টুকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার শাহআলী থানা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সংঘর্ষের ঘটনায় সেন্টুর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। তবে তার বিরুদ্ধে সুদের ব্যবসা, জাল-জালিয়াতি, প্রতারণার অভিযোগসহ মিরপুর, দারুসসালাম, শাহআলী ও পল্লবী থানায় মোট ১৮টি মামলা রয়েছে।