কক্সবাজার শহরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় জড়িত সন্দেহে ৬নির্মাণ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।শুক্রবার বিকালে কক্সবাজার পৌরসভার তারাবনিয়ারছড়া খুরুশকুল সড়কে এঘটনা ঘটে। নিহত যুবকের শার্ট-প্যান্ট ও হাতে লাল ফিতা বাঁধা রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাজাহান কবির জানান, শুক্রবার বিকালের দিকে একটি বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ওই সড়কে ঘটনাস্থলে যান। সেখানে পড়ে থাকা অবস্থায় রক্তাক্ত এক যুবককে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের মরদেহ উদ্ধার করে। প্রথমে কোনো সড়ক দুর্ঘটনা মনে হলেও পরে সিসি ক্যামরার ভিডিও ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয় ভবন থেকে ওই যুবক মাটিতে পড়েছে। এরপর পুলিশ ওই ভবনে অবস্থানরত ৬জন নির্মাণ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়।
আরও পড়ুন: ‘উপজেলা ভিত্তিক রাজাকারের তালিকা প্রকাশ করা হবে’
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শ্রমিকরা নিহত যুবককে চিনেন না বলে জানিয়েছে। ঘটনার রহস্য জানতে পুলিশ তদন্ত করছে এবং আটককৃতদের আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে