বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৩০ তারিখের নির্বাচনে আপনারা সকলে ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিবেন। ভোট গণনা শেষে ফলাফল নিয়ে ঘরে ফিরবেন।
বুধবার দুপুর ১টায় কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি নেতা-কর্মীদের প্রতি এ আহ্বান জানান। তিনি আরো বলেন, এ সরকার চক্রান্তকারী সরকার। জনগণের কাছে কোনো চক্রান্তই টিকবে না। আপনারা কেন্দ্র পাহারা দিয়ে ভোট বিপ্লব ঘটাবেন। আপনাদের ভোটের মাধ্যমে মুক্ত হবে গণতন্ত্র, মুক্তি পাবেন বেগম খালেদা জিয়া, দেশে ফিরতে পারবেন তারেক জিয়া।
মির্জা ফখরুল তার বক্তৃতায় বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে ভুয়া আখ্যায়িত করে বলেন, এ সরকারও ভুয়া এবং এ নির্বাচন কমিশনও ভুয়া। একজন নির্বাচন কমিশনার বলছেন- লেভেল প্লেইং ফিল্ড নেই, আর প্রধান নির্বাচন কমিশনার বলছেন তার কথা সঠিক নয়। তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।
গণতন্ত্রের মুক্তির জন্য
আমরা নির্বাচনে
কুমিল্লা প্রতিনিধি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে ধানের শীষ জয়ী না হলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে না। তাই আমরা দেশের গণতন্ত্রের মুক্তির জন্য নির্বাচনে গিয়েছি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সেনাবাহিনী কামান-ট্যাংক দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারেনি, এখন স্বাধীন দেশে সরকার চাইছে জনগণকে দমিয়ে রাখতে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ জেগে উঠেছে। এদেশের মালিক আপনারা, কোনো ব্যক্তি বা গোষ্ঠি নয়। তাই ৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র এবং খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মীর মুক্তির জন্য আপনাদের নিকট একটা ভোট ভিক্ষা চাই। বুধবার বিকালে কুমিল্লা-১০ সংসদীয় আসনের বিএনপি মনোনীত কারাবন্দি প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে জেলার সদর দক্ষিণ উপজেলার ফুলতলী মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
দলের কারাবন্দি প্রার্থী মনিরুল হক চৌধুরীর কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. চৌধুরী সায়মা ফেরদৌসের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী। সভায় তিনি বলেন, ৩০ ডিসেম্বর এদেশের মানুষের মুক্তির দিন। একাত্তরে পাকিস্তানীদের পরাজিত করে আমরা জয়ী হয়েছিলাম, ৩০ ডিসেম্বরও আমাদের গণতন্ত্রের জয় হবে।