ঠাকুরগাঁওয়ে তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী সুমনা হকের (৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকালে ঠাকুরগাঁও জেলাবাসী ও মানবকল্যাণ পরিষদের ব্যানারে শহরের চৌড়াস্তা মোড়ে এই মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালা, মানবকল্যাণ পরিষদের সমন্বয়কারী নাজনীন বেগম স্নিগ্ধা, সাংস্কৃতিক কর্মী আফরোজা পারভিন রিকা প্রমূখ।
বক্তারা সুমনা হকের হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের ফাঁসির দাবিসহ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি করেন।
আরও পড়ুন : শৈলকুপায় আওয়ামী লীগ সমর্থক দু’ দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, সুমনা হক গত ১৬ ডিসেম্বর নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি জিডি করেন। মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় পাশের বাসায় খেলতে গিয়ে নিখোঁজ হয় সুমনা। এরপর থেকে প্রতিবেশী ইয়াসিন হাবীব কানন ও তার ছেলে রিয়াজের ওপর নজরদারি শুরু হয়। পরে বৃহস্পতিবার রাতে রিয়াজকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি সে স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে তার বসত ঘরের মাটি খুঁড়ে সুমনা হকের মরদেহ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এমআরএম