১৮ আসনে বিদ্রোহী প্রার্থী, ব্যবস্থা নেওয়া হবে :কাদের

নির্বাচনে মহাজোটের বিদ্রোহী প্রার্থীদের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্রুত বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। হুঁশিয়ারি দেওয়ার পরও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রায় ১৮টি আসনে আওয়ামী লীগের বিভিন্ন নেতা এখনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, স্বাধীনতার প্রতীক হলো নৌকা, বিজয়ের মাসে নৌকার বিজয় অবশ্যই হবে।

গতকাল বুধবার দুপুরে নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার ঘোষণায় বলেছেন, প্রত্যেক পরিবারে একজনকে চাকরি দিবেন। তিনি যা বলেন, তাই করেন। তিনি বলেন, মওদুদ আহমদের ডাকে জনগণ সাড়া দেয় না। তার বেলা শেষ হয়ে গেছে। আপনারা চেহারা দেখে ভোট দিবেন না, উন্নয়ন দেখে ভোট দিবেন, কাজের লোককে ভোট দিবেন। বিএনপির ভাঙা হাট আর মিলবে না। যত দিন যাচ্ছে ততই তাদের জনপ্রিয়তায় ভাটা পড়ছে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী ইশতেহার ঘোষণার সময় বলেছেন, যারা কাজ করে তাদের ভুলত্রুটি হয়। যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, দলের নেতাকর্মীরা খারাপ আচরণ করে থাকে, আমি দলের পক্ষ থেকে সকলের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি। তিনি মওদুদ আহমদকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতা থাকাকালীন ২২ বছরে ২২টি কাজও দেখাতে পারবেন না। আপনাকে কেউ বাধা দিচ্ছে না, আপনি যেখানে যান সেখানে লোক হয় না। ফেসবুকে কান্নাকাটি করছেন, কোথায়ও যেতে দিচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে- কথাটা সত্য নয়। আমি কবিরহাট বিএনপির নেতাকর্মীদের বলছি আপনারা আমার সামনে পোস্টার লাগান, দেখি কে ছিঁড়ে?

পথসভায় সভাপতিত্ব করেন নরোত্তমপুর ইউপি চেয়ারম্যান একেএম সিরাজ উল্লাহ। উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কৃষকলীগ কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. একে এম জাফর উল্লাহ প্রমুখ।