দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন মনে করেন সাংবাদিক হতে হলে প্রতিটি বিষয় অনুসন্ধিত্সু মনে বিশ্লেষণ করতে হবে এবং সঠিক ইতিহাস জানতে হবে।
তিনি বলেন, এদেশের স্বাধিকার আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জন সকল ইতিহাসের সঙ্গে তফাজ্জল হোসেন মানিক মিয়া ইত্তেফাককে মুখপত্র করে অনন্যসাধারণ ভূমিকা রেখেছেন। কিন্তু সাংবাদিকতায় অবিসংবাদিত নেতা মানিক মিয়া এবং ইত্তেফাকের ভূমিকার ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছেনি। তিনি এই ইতিহাসকে গণযোগাযোগ ও সাংবাদিকতার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
গতকাল বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত সাংবাদিকতার উত্কর্ষে ‘অতীত থেকে শিখি ভবিষ্যতের ভিত গড়ি’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দৈনিক ইত্তেফাকের ৬৬ বছর উদযাপন উপলক্ষে ঢাকা, জাহাঙ্গীরনগর, ইউল্যাব ও স্ট্যামফোর্ড-এই ৪টি বিশ্ববিদ্যালয়ে কর্মশালার আয়োজন করা হয়।
তাসমিমা হোসেন বলেন, ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর ইত্তেফাকের পথচলা শুরু হয়। এবছর বিজয় দিবস, নির্বাচন আর ইত্তেফাকের জন্মদিন সব মিলিয়ে অন্য এক মাত্রা যোগ হয়েছে। কারণ বঙ্গবন্ধুর বাঙালি জাতীয়তাবাদের যে আদর্শিক পথচলা ইত্তেফাক তা ধারণ করেছে, প্রচার করেছে। তিনি সকল আন্দোলনে ইত্তেফাকের ভূমিকা, প্রেস পুড়িয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া এবং মানিক মিয়ার বারবার গ্রেফতার হওয়ার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্সর ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার ওমর হান্নান, অ্যাকশন এইডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শরিফুল ইসলাম, ওরেঞ্জির সেল্স অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর খায়রুল আনাম, বিকাশের হেড অব কর্পোরেট শামসুদ্দিন হায়দার ডালিম, গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদুল মুদাসসির। আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক উইলিয়াম হ্যানিলো, সিনিয়র লেকচারার মাহমুদুন নবী।
অনুষ্ঠানে ৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মশালা ও ইত্তেফাক পরিবারের আনুশে হোসেনের আন্তর্জাতিক গণমাধ্যমে ভূমিকার ওপর দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত প্রতিবেদন লেখা প্রতিযোগিতায় বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. জাহানূর ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের শিক্ষার্থী খাদিজা খাতুন স্বপ্না, ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের শিক্ষার্থী দোলনচাঁপা দত্তকে ক্রেস্ট প্রদান করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।