দক্ষিণাঞ্চলে কোটি কোটি টাকা ব্যয়ে বেড়ি বাঁধ নির্মাণ চলছে

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দক্ষিণাঞ্চলের উপকূলীয় বিভিন্ন জেলায় কোটি কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০০৭ সালে সংঘটিত ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত নদী তীরবর্তী বিশেষ করে পিরোজপুরের ইন্দুরকানি এলাকায় বাঁধসমূহ নির্মাণ-পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে।  এসব কাজ বর্তমান সরকারের সময়ই শুরু করা হয়েছে এবং বাস্তবায়ন চলছে। গতকাল বুধবার বিকালে পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে পিরোজপুর জেলার তিনটি আসনে জোট-মহাজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে ঢাকা থেকে প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পর্যায়ক্রমে পিরোজপুর-১ আসনে (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আওয়ামী লীগের প্রার্থী দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনে (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানি) ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি-জেপি’র প্রার্থী জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং পিরোজপুর-৩ আসনে (মঠবাড়িয়া) মহাজোটের প্রার্থী জাতীয় পার্টি-জাপা’র প্রেসিডিয়াম সদস্য ডা. রুস্তুম আলী ফরাজীকে পরিচয় করিয়ে দেন। এ সময় শেখ হাসিনা প্রার্থীদের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণও দেন। ভিডিও কনফারেন্স উপলক্ষে আয়োজিত জনসভা লোকে লোকারণ্য ছিল।

প্রধানমন্ত্রী কনফারেন্সে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ছাড়াও পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনে মহাজোটের প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজী, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার এবং সহ-সভাপতি পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের সঙ্গে সরাসরি কথা বলেন।

ভিডিও কনফারেন্স শুরুর আগে সমবেতদের উদ্দেশে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অতীতে ও বর্তমানে দক্ষিণাঞ্চলের রাস্তা-ঘাট, সেতু, নদীভাঙন রোধসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। পিরোজপুরে বলেশ্বর সেতু নির্মাণ, পিরোজপুর-বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহাসড়ক, পিরোজপুর-টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়ক নির্মাণসহ যোগাযোগ অবকাঠামো বিনির্মাণে শেখ হাসিনার অবদান ব্যাপক। উন্নয়নের শেষ নেই, ঐক্যবদ্ধ থেকে, সুদৃঢ় লক্ষ্য স্থির করে কাজ করতে হয়। ষোল শহর বিদ্যুত্ প্রকল্পের আওতায় পিরোজপুরকে অন্তর্ভুক্ত করে আমরাই এ এলাকায় বিদ্যুত্ সরবরাহকে নিশ্চিত করি। নানা কারণে আমাদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করতেই হবে। বিশেষ করে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে যে একজনকে বিরোধীদলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তা অনভিপ্রেত। এ মনোনয়ন উদ্দেশ্যপ্রণোদিত, চ্যালেঞ্জপূর্ণ, দুরভিসন্ধি ও ষড়যন্ত্রমূলক। এই অপচেষ্টাকে প্রতিরোধ করতে হবে, মোকাবিলা করতে হবে। যেকোনো মূল্যে জোট-মহাজোটের মনোনীত প্রার্থীদের পিরোজপুরের তিনটি আসনসহ সারা দেশে বিজয়ী করে আনতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের আগে আরও বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনে মহাজোটের প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজী, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট চন্ডী চরণ পাল এবং আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না।