গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও ৪ ওসিসহ ৬ কর্মকর্তা প্রত্যাহার

গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সেবাস্টিন রেমা এবং চারজন ওসিসহ প্রশাসন ও পুলিশের মোট ছয় কর্মকর্তাকে প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার পৃথক চিঠিতে সংশ্লিষ্টদের কাছে এসব নির্দেশনা পাঠানো হয়েছে। এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের উপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট তিন থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। অপর ওসিকে প্রত্যাহারের কারণ জানা যায়নি। এছাড়া ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল হাসানের নিকটাত্মীয় এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকেও প্রত্যাহার করা হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির এক কর্মকর্তা জানান, মির্জা ফখরুলের উপর হামলার ঘটনায় ঠাকুরগাঁও জেলার সদর থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান, মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় ঢাকার রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের উপর হামলার ঘটনায় নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসি আবদুল মজিদকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি নবীর হোসেনকে প্রত্যাহারের কারণ জানা যায়নি।