ছেলেকে না পেয়ে বাবার হাত বিচ্ছিন্ন করে দিলো সন্ত্রাসীরা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গিয়ে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা। রবিবার গভীর রাতে উপজেলার ফলসী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার ব্যক্তির নাম মখলেচ উদ্দিন (৫৫)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার রাত ১টার দিকে ওই গ্রামের কৃষক মখলেচ উদ্দিনের ছেলে আকুলকে ধরতে ১০/১২ জন মুখোশধারী দুর্বৃত্ত তার বাড়িতে হানা দেয়। এ সময় আকুলকে ঘর থেকে বের করতে না পেরে ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা তার বাবা মখলেচ উদ্দিনকে ধরে নিয়ে যায় তারা। পরে ওই গ্রামের কৈখালীর মাঠে ক্যানেলের ওপর কুপিয়ে তার দেহ থেকে ডান হাত বিছিন্ন করে ফেলে রেখে যায়।

মখলেচ উদ্দিনের ভাই এলেম বলেন, ‘রবিবার রাত ১টার পরে ভাতিজা আকুলের বউয়ের ফোন পেয়ে সেখানে গিয়ে জানতে পারি বড়ো ভাই মখলেচকে সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে। পরে রাত ২টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পাই মাঠের ক্যানেলের ওপর রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। আমরা সেখানে গেলে তার শরীর থেকে ডান হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় মাঠের মধ্যে পড়ে থাকতে দেখি! স্থানীয়দের সহযোগিতায় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

আরও পড়ুন: সুনামগঞ্জে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঝিনাইদহের সার্কেল এসপি (শৈলকুপা-হরিণাকুণ্ডু সার্কেল) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনা হবে।

ইত্তেফাক