গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত জাতীয় পার্টির (জাফর) প্রার্থী সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী (৮৪) বৃহস্পতিবার ভোর রাত পৌনে তিনটার দিকে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি---রাজিউন)।
সাদুল্লাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন ও উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সাবেক সভাপতি আজিজুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ, হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগতেছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৩৪ সালে ১ অক্টোবর পলাশবাড়ী উপজেলার তালুক জামিরা গ্রামে জন্ম গ্রহণ করেন ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী। তার পিতা মরহুম আহসান উদ্দিন চৌধুরী ছিলেন স্কুল শিক্ষক।
আরো পড়ুন: বাগেরহাটে বাস উল্টে হেলপারসহ নিহত ৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে অধ্যাপনা ছেড়ে ১৯৮৪ সালে এইচ.এম এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করেন ফজলে রাব্বী। পরে তিনি গাইবান্ধা-৩ আসন থেকে জাতীয় পার্টি (এরশাদ) দলের মনোনয়ন পেয়ে ১৯৮৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত (১৯৯৬ সালের বিতর্কিত নির্বাচন বাদে) পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া সাবেক রাষ্ট্রপাতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টাও ছিলেন তিনি। পরে ভূমি মন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ও সংস্থাপন মন্ত্রী হিসেবে দায়িত্বও পালন করেন।
বর্তমানে তিনি জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট এর মনোনীত গাইবান্ধা-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করতেছিলেন।
ইত্তেফাক/এএম