জেলা পুলিশ জামালগঞ্জ চারমাথা এলাকায় সোমবার রাত ১২টায় অভিযান চালিয়ে চরমপন্থি দলের ২ সন্ত্রাসীকে আটক করেছে। এ সময় পুলিশ ৩টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
পুলিশ জানায়, আটক ২ চরমপন্থী সন্ত্রাসী হচ্ছে সদর উপজেলার জামালপুর গ্রামের মিন্টু সরকারের ছেলে রঞ্জু সরকার (২৬) ও ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের সুরুজ আলীর ছেলে আক্কাস আলী (৩৪)।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, গত শনিবার আক্কেলপুর উপজেলায় জেলা পরিষদের সদস্য স্বাধীন মাস্টারের বাড়িতে ককটেল হামলা ও গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় অনুসন্ধানে নামে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। সিসি টিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ চারমাথা এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্রসহ পুলিশ ওই দুজনকে আটক করে।
জয়পুরহাটে অস্ত্রসহ আটক দুই ব্যক্তি। ছবি: ইত্তেফাক
উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৩টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৪ রাউন্ড তাজা গুলি, ৬ টি ককটেল, গোলাবারুদ, রামদা ও চাপাতি ও হাতকুড়াল ৪০টি।
আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রাকচাপায় একজন নিহত
এই অস্ত্রের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান ওসি শাহরিয়ার খান। এ ব্যপারে জয়পুরহাট থানায় অস্ত্র আইনে ও বিষ্ফোরক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/নূহু