এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ১০ শতাংশ। মঙ্গলবার বেলা ১২টায় রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, রাজশাহী বোর্ডের অধীন আট জেলায় এবার জেএসসি পরীক্ষার্থী ছিলো ২ লাখ ৬৩ হাজার ৬৮৩ জন। উপস্থিত ছিলো ২ লাখ ৫৮ হাজার ১৮৬ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৪২ হাজার ৯৬৪ জন, পাসের হার ৯৪.১০ শতাংশ। এবার ১৬ হাজার ৪৭৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৯ হাজার ২০০ এবং ছাত্র ৭ হাজার ২৭৮ জন। ৮২০টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। আর কেউ পাস করতে পারেনি এমন স্কুলের সংখ্যা ২টি। পরীক্ষা চলাকালে অসাদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছিল ২০ জন শিক্ষার্থী।
আরও পড়ুন: ইত্তেফাকের সংবাদদাতা টুটুল টাঙ্গাইলের সেরা রিপোর্টার
আগের বছর ২০১৮ সালের জেএসসিতে রাজশাহী বোর্ডে পাসের হার ছিলো ৯৪ দশমিক ৫৭ শতাংশ। ২০১৭ সালে পাসের হার ছিলো ৯৫ দশমিক ৫৪ শতাংশ। এ হিসেবে রাজশাহী বোর্ডে এবার পাসের হার সামান্য কমেছে। তবে এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন বোর্ডের কর্মকর্তারা।
দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় বলেন, ‘রাজশাহী বোর্ডের ফলাফলে গত কয়েক বছরের ধারাবাহিকতা রক্ষা হয়েছে। এ ফলাফলে আমরা সন্তুষ্ট। তবে এর চেয়েও ভালো ফল যেন হয় তার জন্য আগামীতে প্রচেষ্টা থাকবে।
এ সময় শিক্ষা বোর্ডের সচিব মোয়াজ্জেম হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সেলিনা পারভীন, মঞ্জুর রহমান খান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান মূল্যায়ন কর্মকর্তা এসএম গোলাম আজম ও প্রোগ্রামার সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএএম