পরিবেশের ব্যাপারে সচেতনতা তৈরিতে ১৬ বছরের কিশোরী গ্রেটা থানবার্গের লড়াই দেখে লাখ লাখ মানুষ অনুপ্রাণিত হয়েছে। তবে তার বাবা সভ্যান্টে থানবার্গ বলেছেন, স্কুল বাদ দিয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে তার মেয়ের আন্দোলন করাকে তিনি প্রথমে সমর্থন করতে পারছিলেন না। তার মতে, গ্রেটা একজন অধিকার কর্মী হয়ে অনেক বেশি খুশি, কিন্তু এ কারণে সে যে বিদ্বেষের শিকার হচ্ছে, তা নিয়ে তিনি উদ্বেগ বোধ করেন।
জলবায়ু পরিবর্তনের ব্যাপারে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার দাবিতে তার ভূমিকার কারণে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল থানবার্গ। তার সেই আন্দোলনের সময় এই দাবিতে বিশ্ব জুড়ে সমন্বিত স্কুল ধর্মঘট করা হয়। এ বছরের রেডিও টুডে প্রোগ্রামে গেস্ট এডিটর হিসেবে আসা পাঁচ শীর্ষ ব্যক্তির একজন ছিল সে। বিবিসির পক্ষ থেকে এই কিশোরী এবং তার বাবার সাক্ষাত্কার নেওয়া হয়। অনুষ্ঠানের একটি অংশে গ্রেটার বাবা বলেন, তিন-চার বছরের জন্য তার মেয়েকে বিষণ্নতার সঙ্গে লড়াই করতে হয়েছে। তিনি বলেন, ‘সে কথা বলা বন্ধ করে দিয়েছিল...স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। গ্রেটা যখন খাওয়া-দাওয়া বন্ধ করে দিতে শুরু করে, অভিভাবক হিসেবে সেটা ছিল তাদের কাছে দুঃস্বপ্নের মতো। খবর বিবিসি বাংলার
গ্রেটাকে সুস্থ করে তোলার জন্য সভ্যার্ন্টে গ্রেটা এবং তার ছোট মেয়ে বেটার সঙ্গে সুইডেনের বাড়িতে বেশি করে সময় কাটাতে শুরু করেন। গ্রেটার মা, অপেরা শিল্পী মালেনা ইরম্যান একের পর এক কনসার্টের চুক্তি বাতিল করে দিতে শুরু করেন, যাতে পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারেন। চিকিত্সকের শরণাপন্নও হয়েছিল। বারো বছর বয়সে গ্রেটার অ্যাসপারজার নামে একটি রোগ ধরা পড়ে। সেই সময় সে বলত যে, সে এমন অনেক কিছু দেখতে পাচ্ছে, যা অন্যরা দেখতে পায় না। পরের কয়েক বছর ধরে তারা জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা ও গবেষণা করতে শুরু করে। তখন গ্রেটা ক্রমেই এই বিষয়ে আলোচনা করতে উত্সাহিত হয়ে উঠতে থাকে। পরিবেশ নিয়ে আন্দোলনের মাধ্যমে গ্রেটা বদলে গেছে এবং সে খুব সুখী হয়ে উঠেছে বলে জানান তার বাবা।
আরো পড়ুন : স্বামীর ঠিকানায় নারীর স্থায়ী ঠিকানা প্রশ্নে হাইকোর্টের রুল
তবে যখন গ্রেটার স্কুল ধর্মঘট অনলাইনে ভাইরাল হয়ে যায়, তখন অনেক ব্যক্তির কাছ থেকে অবমাননাকর আচরণ পেয়েছেন তার বাবা। গ্রেটা এর আগে বলেছিল, অনেক মানুষ তার ‘চেহারা, পোশাক, আচরণ এবং ভিন্নতার’ জন্য অবমাননাকর আচরণ করেছে। তার বাবা বলছেন, তিনি বিশেষভাবে ‘মিথ্যা সংবাদ, তাকে নিয়ে বানানো বিদ্রুপমূলক বক্তব্য’ নিয়ে উদ্বিগ্ন, যা ঘৃণা বা বিদ্বেষ তৈরি করে। কিন্তু তিনি এটাও বলছেন, তার মেয়ে এসব সমালোচনাকে খুব ভালোভাবে সামলাতে পারছে।
ইত্তেফাক/এসি