স্বামীর ঠিকানায় নারীর স্থায়ী ঠিকানা প্রশ্নে হাইকোর্টের রুল

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ০৪:০০

বাংলাদেশ ব্যাংকের ‘(সহকারী পরিচালক জেনারেল)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে বিবাহিত নারী প্রার্থীর স্থায়ী ঠিকানার শর্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে ঐ শর্ত বাদ দিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।

আরও পড়ুন: উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

সহকারী পরিচালক (জেনারেল)’ পদের জন্য গত ১লা ডিসেম্বর বাংলাদেশে ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ঐ বিজ্ঞপ্তির ১৪ নম্বর পয়েন্টে বলা হয়েছে, “বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।” বিজ্ঞপ্তির ঐ শর্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও নারীপক্ষ। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা। তিনি বলেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে বিবাহিত নারী প্রার্থীর ক্ষেত্রে যুক্তিহীনভাবে স্বামীর ঠিকানাকে স্থায়ী ঠিকানা উল্লেখ করার বাধ্যবাধকতা সংবিধানের ২৮ ও ২৯ অনুচ্ছেদের লঙ্ঘন।

ইত্তেফাক/এসি