নড়াইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে গোলাম সাকলাইন প্রত্যয় (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। ইংরেজি বছরের শেষ দিন মঙ্গলবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রত্যয় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরা সুলতানা ও প্রয়াত কলেজ শিক্ষক গোলাম মোস্তফা মোল্যার ছেলে।
প্রত্যয় ঢাকার একটি কলেজে এলএলবিতে পড়াশোনা করতেন। তিনি নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।
মনিরা সুলতানা জানান, মঙ্গলবার রাত আটটার দিকে রাতের খাবার খেয়ে মোটরসাইকেল নিয়ে শহরের আলাদাতপুরের বাসা থেকে বের হন প্রত্যয়।
জানা গেছে, দুর্ঘটনার পর আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াস হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা ও ময়নাতদন্ত করতে অস্বীকৃতি জানানোর কারণে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ইত্তেফাক/এএম