এবার অনশনে পাটকল শ্রমিকদের স্ত্রী-সন্তানরা

খুলনায় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি-বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের স্ত্রী-সন্তানরাও মাঠে নেমেছে। বৃহস্পতিবার রাষ্ট্রায়াত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে দ্বিতীয় পর্যায়ের অনশন কর্মসূচির ৫ম দিন শ্রমিকরা স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে অনশন কর্মসূচি পালন করে। শ্রমিকরা জানিয়েছেন, দাবি আদায়ে তারা অনড়। 

এদিকে, এ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। তারা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
 
প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, ইস্টার্ন, আলিম, ক্রিসেন্ট জুট, জেজেআই ও  কার্পেটিং মিলের শ্রমিকরা নিজ নিজ মিলগেটে এবং স্টার জুটমিলের শ্রমিকরা খালিশপুর বিআইডিসি সড়কে বৃহস্পতিবার পঞ্চম দিনের মত অনশন  কর্মসূচি পালন করেছে। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, খুলনার সাতটি পাটকলে প্রায় ৫০ হাজার শ্রমিক রয়েছে। সব কয়টি মিলেই শ্রমিকদের ৮ থেকে ১০ সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। স্বাভাবিকভাবেই এ পরিস্থিতিতে তাদের জীবনযাপন সংকটাপন্ন হয়ে পড়েছে।
 
অনশন চলাকালে বুকে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ানো এক শিশু বলে, ‘আমি শ্রমিকের সন্তান, আমার বাবা মজুরি না পাওয়ায় আমরা না খেয়ে মরতে বসেছি। টাকার অভাব পড়ালেখা করতে পারছি না। আমার বাবাকে বাঁচাও, ঠিকমত লেখাপড়া করতে চাই।’

আরও পড়ুন: ছাত্রলীগের পুনর্মিলনী থেকেও বাদ শোভন-রাব্বানী

পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুরাদ হোসেন বলেন, সাতটি পাটকলের প্রায় ২০ হাজার স্থায়ী শ্রমিক এ অনশনে অংশ নিয়েছেন। টানা অনশনে পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা শরীরে স্যালাইন নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন। যতদিন দাবি না মানা হবে, ততদিন অনশন চলবে।

বিজেএমসি সূত্র জানায়, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের মধ্যে জেজেআই ও কার্পেটিং জুট মিল বাদে বাকি ৭টিতে উৎপাদন বন্ধ রয়েছে। এ পাটকলগুলোতে প্রতিদিন উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৭২ দশমিক ১৭ মেট্রিক টন। সেখানে চালু থাকা ওই দুটি পাটকলে উৎপাদন হচ্ছে মাত্র ৮৬ দশমিক ৩৯ মেট্রিক টন। পাটকলগুলোতে প্রতিদিনের উৎপাদিত পণ্যের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। 

এদিকে, বৃহস্পতিবার দুপুর ৩টায় সচিবালয়ে পাটমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক হামিদুর রহমানের নেতৃত্বে ২২ সদস্যের দল খুলনা থেকে ঢাকায় গেছেন বলে জানা গেছে।
 
উল্লেখ্য, পাটকল শ্রমিকদের দাবি নিয়ে গত ১৫, ২২ ও ২৬ ডিসেম্বর তিন দফা বৈঠক হলেও তাতে কোনো সুফল আসেনি। সবশেষ ২৬ ডিসেম্বরের বৈঠকে মজুরি কমিশন বাস্তবায়নের বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় ওই দিন ২৯ ডিসেম্বর দুপুর থেকে আবারও অনশন করার ঘোষণা দেন শ্রমিক নেতারা। সেই ঘোষণা অনুযায়ী শ্রমিকরা আমরণ অনশন কর্মসূচি পালন করছে।

ইত্তেফাক/এসি