হলে বছরের শেষ চলচ্চিত্র

 

চলতি বছর বিদায় দেওয়ার দিন ঘনিয়ে এসেছে। দেশের হলগুলোও এখন নতুন বছরের ছবির অপেক্ষায়। তবে বছরের শেষে আরো দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। দেশের বর্তমান নির্বাচন আবহাওয়ায় নতুন ছবির প্রতি দর্শকদের আগ্রহ কতটুকু থাকবে সেই প্রশ্ন থাকলেও মুক্তি পেতে যাচ্ছে ছবি দুটি।

‘স্বপ্নের ঘর’ ছবিটি আজ মুক্তি পাবে। তানিম রহমান অংশু পরিচালিত এই ছবিটি ট্রেইলর মুক্তির পর থেকেই আলোচনায়। কারণ ঢালিউডে ভৌতিক ধারার ছবি দেখা যায় না বললেই চলে। সেই জায়গা থেকে এই ছবিটি উন্নত প্রযুক্তির জন্যও বেশ প্রশংসিত হয়েছে। এর আগে কয়েকবার ছবিটি মুক্তির ঘোষণা এলেও বিভিন্ন কারণে মুক্তি পায়নি। ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, শিমুল খান, নওশাবা প্রমুখ। ছবিটিতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘এই ছবিটির অভিজ্ঞতা অনেকটা ভিন্ন। কারণ ভৌতিক গল্পের ছবিতে এর আগে কাজ করা হয়নি। ছবিটির ট্রেইলর প্রকাশের পর বেশ প্রশংসাও পেয়েছি। আমাদের দেশের চলচ্চিত্র উন্নতির দিকে যাচ্ছে। পাশাপাশি আমাদের ভিন্নগল্পের ছবিও নির্মিত হচ্ছে।’ ছবিতে অভিনয় করা আরেকজন অভিনেতা শিমুল বলেন, ‘একটি ছবিতে ভালোলাগা ও আত্মবিশ্বাস থেকে কাজ করি। এই ছবিটিতেও তেমন। অন্যরকম এক অভিজ্ঞতা। দর্শকদের বলবো হলে এসে ছবিটি দেখুন। খারাপ বা ভালোলাগাগুলো আমাদের জানান।’ আজ হলে আরো একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ‘অর্পিতা’ শিরোনামে ছবিটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়।

ছবিটির গল্প গড়ে উঠেছে নিম্ন মধ্যবিত্ত সিঙ্গেল মাদারের জীবনযুদ্ধের কাহিনি নিয়ে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা। প্রথমবার কোনো চলচ্চিত্রে অভিনয় করলেন তিনি।

ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে দর্শকদের সাড়া কেমন পাবো সেই অপেক্ষায় আছি। চলচ্চিত্র অনেক বড় একটি ক্যানভাস। চেষ্টা করেছি ভালো একটি কাজ করার। বাকিটা দর্শকরা বলতে পারবেন।’ ছবিতে আরো অভিনয় করেছেন আছেন তৌকীর আহমেদ, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ প্রমুখ।