শেষ বিদায় জানানো হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা সাইদুল আনাম টুটুলকে। গতকাল বিকেল ৪টা ৩০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য এ নির্মাতাকে শ্রদ্ধা জানান শোবিজ অঙ্গনের অনেকেই। এছাড়াও তাকে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। শহীদ মিনারে নির্মাতার স্ত্রী, দুই মেয়েসহ উপস্থিত ছিলেন মুস্তাফা মনোয়ার, নাসির উদ্দিন ইউসুফ, ফরিদুর রেজা সাগর, মোরশেদুল ইসলাম, রাইসুল ইসলাম আসাদ, অঞ্জন জাহিদুর রহিম, জাফর ইকবাল, গাজী রাকায়েত, কামার আহমাদ সাইমন, তারিক আনাম খান, এসএ হক অলিক প্রমুখ।
উল্লেখ্য, ১৫ ডিসেম্বর দিবাগত রাত ২টায় হূদরোগে আক্রান্ত হন সাইদুল আনাম টুটুল। ১৮ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান।