হনুমান মুসলমান ছিলেন, বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য

হনুমান মুসলমান ছিলেন, এমন মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন বিজেপির নেতা বুক্কাল নবাব। এ নিয়ে ভারত জুড়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

বিতর্কিত মন্তব্যকারী বুক্কাল নবাব উত্তরপ্রদেশের লখনউয়ের বিধান পরিষদীয় সদস্য। বৃহস্পতিবার সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এই  মন্তব্য করেন।

বুক্কাল নবাব বলেন, ‘হনুমান কারও একার নন। গোটা দুনিয়া তার ভক্ত। সব ধর্মের মানুষই তাকে ভক্তি-শ্রদ্ধা করেন। তবে আমার বিশ্বাস হনুমান আসলে মুসলিম ছিলেন। সেই জন্যই মুসলমানদের মধ্যে রহমান, রমজান, ফরমান, জিশান, কুরবান, ইমরান, সুলতান, সুলেমান নামের প্রচলন রয়েছে। দেখবেন নামগুলো  হনুমানের সঙ্গে সঙ্গে মিলে যায়! অন্য কোনও ধর্মে এমন নাম শুনেছেন কখনও!’

আরো পড়ুন: ‘মি টু’ ঝড় তুলে দেশ ছাড়ছেন তনুশ্রী

এর আগেও বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন বুক্কাল নবাব। গত বছর জুলাই মাসে বিজেপিতে যোগ দেন তিনি।

এদিকে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে হনুমানকে দলিত বলে উল্লেখ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তা নিয়েও চলে প্রবল বিতর্ক। ওই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা করে একটি হিন্দুত্ববাদী সংস্থা। 

হনুমান হলেন হিন্দু ধর্মের একজন দেবতা। যিনি রামের একনিষ্ঠ ভক্ত। হিন্দু পুরাণে হনুমানকে বিশেষ স্থান দেওয়া হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ