বিদেশে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার, চীনা কর্মকর্তা ‘মা’র মৃত্যুদণ্ড

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২১:৫৬

বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে নিজ দেশের এক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। ওই কর্মকর্তা বিদেশে দায়িত্ব পালনকালে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ শুরু করেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তার পরিচয় শুধু ‘মা’ পদবি দিয়ে প্রকাশ করা হয়েছে। বিদেশে কর্মরত অবস্থায় একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে নিজেদের পক্ষে কাজ করতে রাজি করান। পরে দেশে ফিরে তিনি ওই সংস্থার নির্দেশনায় শতাধিক গোয়েন্দা প্রতিবেদন সরবরাহ করেন। এর মধ্যে ৩৫টি তথ্যকে রাষ্ট্রীয় গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসব তথ্য সরবরাহের বিনিময়ে তিনি ১০ লাখ ইউয়ানের বেশি অর্থ পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।

চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট অ্যাকাউন্টটির তথ্য অনুযায়ী, একটি আদালত ওই কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি তার ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।

তবে ওই কর্মকর্তা চীনের কোন সরকারি দপ্তরে কর্মরত ছিলেন, কোন দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন এবং কখন তাকে গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়েছে, তা প্রকাশ করা হয়নি। তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

রয়টার্স জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় সূত্রের দেওয়া তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার ঝুঁকি সম্পর্কে সরকারি কর্মকর্তা ও সামরিক সদস্যদের সতর্ক করতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বাড়িয়েছে চীনের নিরাপত্তা সংস্থাগুলো। অর্থের প্রলোভন, ব্যক্তিগত সম্পর্ক ও ভয়ভীতি দেখিয়ে কর্মকর্তাদের গোপন তথ্য সংগ্রহে ব্যবহারের বিষয়ে সতর্ক করা হচ্ছে।

 

ইত্তেফাক/এবিএস