চট্টগ্রামের বন্দরে ১ যুবককে কুপিয়ে হত্যা

নগরীর বন্দর থানা এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারের জের ধরে গভীর রাতে এক যুবক খুন হয়েছে। এলাকার সাবেক দুই ছাত্রলীগ নেতার অনুসারীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই খুনের ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ শাহেদ ওরফে রনি (২৮)।

স্থানীয় সূত্র জানায়, রনিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রনি স্থানীয় একটি ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানে অনিয়মিত কর্মী হিসাবে কাজ করতো। পাশপাশি সে একটি চায়ের দোকানেরও কর্মচারী ছিলো। বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত মধ্যরাতে এলাকায় ক্যাবল ব্যবসা ও জুয়া খেলার আধিপত্য নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা মেজবাউদ্দিন মোর্শেদ এবং দেবাশিষ পাল দেবুর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রাত ১টার দিকে ৩৭ নম্বও মুনির নগর ওয়ার্ডের মেসার্স এসাক কন্টেইনার ডিপো সংলগ্ন এলাকায় রনিকে ধরে এনে হত্যা করে। জানা যায় রনি মেজবাউদ্দিন গ্রুপের অনুসারি ছিলো।

বন্দর থানার ওসি মহিউদ্দিন মাহমুদ আজ বৃহস্পতিবার ইত্তেফাককে বলেন, 'ঘটনার সঙ্গে জড়িত ৪ ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিহত শাহেদ ওরফে রনির মা বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।'

ওসি আরো জানান, 'প্রতিপক্ষের হামলায় রনির বুকের দুই পাশে এবং মাথায় মারাত্মক জখম হয়। রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। রনি কোনো ধরনের রাজনৈতিক তৎপরতার সঙ্গে জড়িত ছিলো না।'

ইত্তেফাক/নূহু