রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরের বিভিন্ন সড়কে এসক্যালেটর ফুটওভারব্রিজ প্রয়োজন। শাপলা চত্বরে কেবল আরামবাগ সড়কের ওপর একটি সাধারণ ফুটওভারব্রিজ আছে। কিন্তু শাপলা-পল্টন, শাপলা-কমলাপুর কিংবা শাপলা থেকে যাত্রাবাড়ি-সায়েদাবাদ সড়কের ওপর কোনো ফুটওভারব্রিজ নেই। ফলে ঝুঁকি নিয়ে পথচারীদের পথ পার হতে হয়। জেব্রাক্রসিং থাকলেও তা কেউ অনুসরণ করে না। যানবাহনের বেপরোয়া গতির জন্য অনেকে আবার সেটাকে অনিরাপদ ভাবে। ঝুঁকি নিয়ে পারাপার হওয়ায় দুর্ঘটনার পাশাপাশি যানজট বৃদ্ধির এটি একটি অন্যতম কারণ। বিশেষ করে অফিস শুরু এবং শেষ হওয়ার সময় এ এলাকায় তীব্র যানজট থাকে। সাধারণ ফুটওভারব্রিজে পারাপার বয়স্ক, শিশু এবং অসুস্থদের জন্য কষ্টকর। তাই অতিগুরুত্বপূর্ণ এই এলাকায় এসক্যালেটর ফুটওভারব্রিজ নির্মাণ সময়ের দাবি। এ বিষয়টি শুধু সরকার বা সিটি করপোরেশনের একার নয়। বরং উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এই কাজের উদ্যোক্তা হতে এগিয়ে আসা উচিত কল্যাণমুখী চিন্তার বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর।
জাকির সোহান
এম আই এস ডিভিশন, রুপালী ব্যাংক লি., হেড অফিস, ৩৪ দিলকুশা, ঢাকা