টিসিবির পেঁয়াজ কালোবাজারে বিক্রি

টিসিবির পেঁয়াজ কালোবাজারে বিক্রির অভিযোগ ওঠেছে। শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও টরকী পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, সকাল থেকে বিকাল পর্যন্ত টিসিবির ডিলার শিশির কুমার কুণ্ড ন্যায্য মূল্যের পেঁয়াজ অধিক মুনাফার লোভে কালোবাজারে বিক্রি করে দেন। খবর পেয়ে টরকী ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে কালোবাজারে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেন শিশির কুণ্ড। 

ঘটনার সত্যতা স্বীকার করে টরকী পুলিশ ক্যাম্পের ইনচার্জ হুমায়ুন কবির জানান, কালোবাজারে পেঁয়াজ বিক্রির বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, টিসিবির পেঁয়াজ পাইকারি বিক্রির কোন সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তবে কালোবাজারে পেঁয়াজ বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন ডিলার শিশির কুণ্ড।

ইত্তেফাক/জেডএইচ